রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের অভ্যন্তরীণ কোন্দল ও নির্বাচন কেন্দ্রিক জটিলতার জেরে টানা ২৮ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে সারা দেশের দূরপাল্লা ও আন্তঃজেলা বাস চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) রাত থেকে বাস চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রীদের মধ্যে।
পরিবহন শ্রমিকদের দুটি পক্ষের বিরোধ মেটাতে মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) নূর আলম সিদ্দিকী উভয় পক্ষের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয় যে, নির্বাচনকালীন আহ্বায়ক কমিটিতে রফিকুল ইসলাম পাখি গ্রুপের চারজন এবং মোমিন গ্রুপের চারজন সদস্য থাকবেন। প্রশাসনের মধ্যস্থতায় এবং শ্রমিক নেতাদের সমঝোতার ফলে উদ্ভূত সমস্যার সমাধান হয়।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। মঙ্গলবার রাতে রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল ও শিরোইল বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, কাউন্টারগুলো খোলা এবং যাত্রীদের ভিড় থাকলেও নেই আগের মতো অনিশ্চয়তা। নির্ধারিত সময়ে বাস ছেড়ে যাওয়ায় যাত্রীরা অনেকটা নিশ্চিন্তে গন্তব্যে রওনা হচ্ছেন।
ঢাকাগামী যাত্রী শফিকুল ইসলাম জানান, গত দুই দিন বাস বন্ধ থাকায় জরুরি কাজ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। আজ সহজে টিকিট পাওয়ায় এবং বাস চলাচল স্বাভাবিক হওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেন। একইভাবে চাঁপাইনবাবগঞ্জের যাত্রী সাবিনা ইয়াসমিন ও আল-আমিন হোসেন জানান, হঠাৎ ধর্মঘটের কারণে অনেকের জরুরি কাজ ব্যাহত হয়েছে। ভবিষ্যতে এমন জনভোগান্তির পরিস্থিতি যেন আর তৈরি না হয়, সেই দাবি জানিয়েছেন তারা।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, সাধারণ যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করেই শ্রমিকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। শ্রমিকরা বিষয়টি অনুধাবন করে সমঝোতায় আসায় বাস চলাচল পুনরায় শুরু হয়েছে।
বর্তমানে সব রুটেই বাস চলাচল স্বাভাবিক রয়েছে এবং আগাম টিকিট বিক্রিও আগের মতোই চলছে বলে কাউন্টার সূত্রে জানা গেছে।
জেএস